জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
তিনি বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতাদের নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এর প্রতিবাদেই তাকে চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
তবে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সমালোচনার ক্ষেত্রে শালীনতা ও রাজনৈতিক সৌজন্য বজায় রাখার আহ্বান জানান সলিম উল্লাহ সেলিম। তিনি ব্যক্তিগত আক্রমণ ও অশালীন বক্তব্য পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা জামায়াতে ইসলামীকেও প্রত্যাখ্যানের আহ্বান জানান। একই সঙ্গে দেশের রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দেন।
এর আগে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর শহরে শোভাযাত্রা বের করেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এর আগেও ২০২৫ সালের সেপ্টেম্বরে চাঁদপুরের শাহরাস্তিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments