শিক্ষার্থীদের সময় সাশ্রয় ও আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। নির্ধারিত সময়সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, নির্ধারিত সময়ের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিলেবাস শেষ করে টেস্ট পরীক্ষা নিতে হবে।
সরকারের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর ফলাফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে। ফলে টেস্ট পরীক্ষার পর এসএসসির প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে।
তবে অনেক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মনে করছেন, অন্যান্য বছরের তুলনায় এবার প্রস্তুতির সময় কমে যাওয়ায় শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে না, তাদের শিক্ষার্থীরা বেশি সমস্যায় পড়তে পারে।
অন্যদিকে, কিছু শিক্ষাপ্রতিষ্ঠান অক্টোবরের মাঝামাঝি সময়েই টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এতে শিক্ষার্থীরা এসএসসির আগে তুলনামূলক বেশি সময় পাবে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে শিক্ষাবর্ষের সময়সূচি পিছিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের শিক্ষাজীবনে সেশনজট তৈরি হচ্ছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার উদ্যোগের মাধ্যমে ধীরে ধীরে শিক্ষাবর্ষকে স্বাভাবিক সময়সূচিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments