দেশে টানা অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালান দেশে পৌঁছেছে।
সোমবার (৩ আগস্ট) রাতে ভারতীয় একটি ট্রাকে ৯ টন ২০০ কেজি কাঁচামরিচ বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে চালানটি ঢাকার উদ্দেশে পাঠানো হয়।
এই চালানের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ। পণ্য খালাসের কার্যক্রম পরিচালনা করে শিমু শিপিং লাইন্স নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর পর দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সীমান্তের ওপারে আরও কয়েকটি ট্রাক কাঁচামরিচ নিয়ে দেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে।
আমদানিকারক শাহাজান জানান, প্রতি কেজি কাঁচামরিচ আমদানিতে তার মোট খরচ পড়েছে প্রায় ১৩৫ টাকা। তিনি বলেন, সামান্য লাভ রেখে বাজারে বিক্রি করা হবে। আমদানি বাড়লে কাঁচামরিচের বাজারদর আরও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তবে তিনি অভিযোগ করেন, কাস্টমসে হয়রানি, পণ্য ছাড়করণে জটিলতা এবং অতিরিক্ত রাজস্ব পরিশোধের কারণে আমদানি ব্যয় বেড়ে যাচ্ছে। এতে অনেক আমদানিকারক লোকসানের মুখে পড়ছেন।
এদিকে বেনাপোলের কাঁচাবাজারে সোমবার প্রতি কেজি কাঁচামরিচ ৩০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীদের ধারণা, আগামী কয়েক দিনে আমদানির পরিমাণ বাড়লে বাজারে কাঁচামরিচের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments