Header Ads Widget

Responsive Advertisement

রানী মুখার্জির অর্জনে নতুন পালক


 

বলিউডে প্রায় তিন দশকের দীর্ঘ ক্যারিয়ার। অভিনয়ের নানা বাঁকে নিজেকে নতুন করে তুলে ধরার পাশাপাশি সমাজ, নারী ক্ষমতায়ন ও মানবিক মূল্যবোধের বিভিন্ন গল্প পর্দায় ফুটিয়ে তুলেছেন রানী মুখার্জি। এবার তার দীর্ঘ অভিনয়জীবন ও মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে মিলল একাডেমিক সম্মাননা।

অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় রানী মুখার্জিকে ‘অনারারি ডক্টর অব লেটার্স’ সম্মানসূচক ডিগ্রি দিয়েছে। এর মধ্য দিয়ে শাহরুখ খানের পর দ্বিতীয় ভারতীয় চলচ্চিত্র ব্যক্তিত্ব হিসেবে এই সম্মান পেলেন তিনি।

অভিনয়জীবনে ‘ব্ল্যাক’, ‘মর্দানি’, ‘হিচকি’সহ বিভিন্ন সিনেমায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করেছেন রানী। তার অনেক সিনেমায় নারী ক্ষমতায়ন, সামাজিক বাস্তবতা ও মানবিক মূল্যবোধের বিষয় উঠে এসেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সম্মাননা প্রদানের ক্ষেত্রে তার এসব অবদানকে গুরুত্ব দিয়েছে।

ডক্টরেট পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে রানী বলেন, লা ট্রোব বিশ্ববিদ্যালয়ের এই স্বীকৃতি তার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত। তার বিশ্বাস, একটি ভালো সিনেমা শুধু বিনোদন দেয় না, মানুষের চিন্তা ও অনুভূতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

রানীর মতে, যে গল্প প্রথমে তার হৃদয়কে স্পর্শ করে এবং যা বলা জরুরি—সেসব গল্পের প্রতিই তার বিশেষ আগ্রহ থাকে। বিশেষ করে মানুষের মধ্যে অনুপ্রেরণা ও ক্ষমতায়নের বার্তা পৌঁছে দিতে পারে এমন কাজকে তিনি গুরুত্ব দেন।

আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় সিনেমা ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে একজন শিল্পী নিজের দেশের সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করেন বলে মনে করেন রানী। তার অভিনীত কোনো সিনেমা যদি একজন দর্শককেও ভারত বা ভারতীয় নারীদের সম্পর্কে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করে, সেটিকেই তিনি বড় অর্জন হিসেবে দেখেন।

দীর্ঘ অভিনয়জীবনের সেই সাফল্যের মুকুটেই এবার যুক্ত হলো সম্মানসূচক ডক্টরেট।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments