Header Ads Widget

Responsive Advertisement

মন্ত্রিসভায় প্রথমবার রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন


 সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণের পাশাপাশি প্রথমবারের মতো রদবদল এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাদের মধ্যে একজন আগে প্রতিমন্ত্রী এবং একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ গ্রহণের পরপরই চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান তিনি।

নতুন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ এবং বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।

নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তরও বণ্টন করা হয়েছে।

নতুন দায়িত্বে যারা

  • আবদুল মঈন খান — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
  • আন্দালিভ রহমান পার্থ — তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
  • সাচিং প্রু জেরী — পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়
  • রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
  • মোহাম্মদ শামীম কায়সার লিংকন — ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
  • হুমায়ুন কবির — পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

মির্জা ফখরুলের ছেড়ে আসা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। অন্যদিকে আন্দালিভ রহমান পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হচ্ছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পাওয়া রশিদুজ্জামান মিল্লাত একই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আর বর্তমান মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হলেও সেখানে আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। এক মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী থাকায় কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

নতুন রদবদলের পর তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন এবং প্রতিমন্ত্রী ২৪ জন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments