Header Ads Widget

Responsive Advertisement

আমির হামজার সমর্থক ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ


 

কুষ্টিয়ায় সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থক ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আমির হামজার গাড়ি ভাঙচুরের পাশাপাশি গণঅধিকার পরিষদের জেলা কার্যালয় ও সংগঠনটির জেলা শাখার সভাপতির ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের ছয় রাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে আমির হামজার সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে শনিবার বিকেলে ছয় রাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটির কুষ্টিয়া জেলা শাখা। সমাবেশস্থলের কাছেই আমির হামজার বাসভবন।

পুলিশ প্রটোকল নিয়ে আমির হামজা বাসায় ফেরার সময় সমাবেশস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে থাকা সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। প্রথমে হাতাহাতি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের দাবি অনুযায়ী, এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। মাগরিবের নামাজ চলাকালে আমির হামজার সমর্থকেরা বেসবল ব্যাট, লাঠিসোঁটা নিয়ে শহরের হাইস্কুল মার্কেটে অবস্থিত গণঅধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ সময় সংবাদকর্মীরা ছবি সংগ্রহ করতে গেলে তাদের ওপরও হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। পরে হামজা সমর্থকেরা মিছিল নিয়ে ছয় রাস্তা মোড়ের হরিপুর ব্রিজসংলগ্ন এলাকায় গিয়ে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতি আব্দুল খালেকের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান বলে জানা যায়।

গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণ সমাবেশ শেষে চলে যাচ্ছিলেন। এ সময় আমির হামজার সমর্থকেরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।

তবে আমির হামজার দুই কর্মী দাবি করেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই প্রথমে তাদের ওপর হামলা চালিয়েছেন। তারা কেবল প্রতিরোধের চেষ্টা করেছেন। প্রতিপক্ষের হামলায় তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও দাবি করেন তারা।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, উত্তেজনা প্রশমিত করতে পুলিশ দুই পক্ষকে থামানোর চেষ্টা করছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments