বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতার ‘স্থপতি’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ওই দীর্ঘ সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর যে অঙ্গীকার ছিল, তার প্রতিফলন ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায়।
তবে বঙ্গবন্ধুর শাসনামলের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, দেশ পরিচালনায় তিনি দক্ষ ছিলেন না। ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা কঠিন হলেও ১৯৭২ সালের পর তার শাসন ক্রমে আরও কর্তৃত্ববাদী হয়ে ওঠাকে তা দিয়ে ন্যায্যতা দেওয়া যায় না। তার মতে, ওই সময়ের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা ও একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাও আড়াল করার সুযোগ নেই।
আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর কয়েক বছরের শাসনের স্মৃতি মনে রেখেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তার দীর্ঘদিনের অবদানের জন্য বহু মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি নিজেকেও তাদের একজন বলে উল্লেখ করেন।
শেখ হাসিনার শাসনামল নিয়েও সমালোচনা করে তিনি বলেন, তার শাসন ছিল ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের’ একটি নিকৃষ্ট উদাহরণ। নিজের শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় শেখ হাসিনা তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের কথা স্মরণ করে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও দোয়া জানান আসিফ নজরুল।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments