Header Ads Widget

Responsive Advertisement

শিক্ষার্থী হত্যায় তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড


 

নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—অনিক, আকাশ ও চান্ডি বাবু।

রায় ঘোষণার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ মৃত্যুদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে এর আগেও ছিনতাই, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, ওয়াজেদ সীমান্ত আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জের দেওভোগের মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

এ সময় ছিনতাইকারীরা সীমান্তকে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও এক হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সীমান্ত দেওভোগ এলাকার মো. আলম পারভেজের ছেলে।

চাঞ্চল্যকর এ হত্যা মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments