Header Ads Widget

Responsive Advertisement

গাজীপুরে গভীর জঙ্গলে মিলল ১২ ঘোড়ার দেহাবশেষ, উধাও মাংস


 

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। তবে ঘটনাস্থলে ঘোড়ার দেহাবশেষ পাওয়া গেলেও কোনো মাংসের সন্ধান পাওয়া যায়নি।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকার গভীর জঙ্গলে এসব দেহাবশেষ পাওয়া যায়। ঘাস কাটতে গিয়ে স্থানীয় কয়েকজন প্রথমে সেগুলো দেখতে পান।

স্থানীয়দের ভাষ্য, জঙ্গলের ভেতরের বিভিন্ন স্থানে ঘোড়ার মাথা, চামড়া, পা, হাড় ও নাড়িভুঁড়ি ছড়িয়ে-ছিটিয়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের সদস্য সুমন প্রধানের ধারণা, রাতে ১০ থেকে ১২টি ঘোড়া জবাই করে মাংস অন্যত্র নিয়ে যাওয়া হয়ে থাকতে পারে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, ঘটনাস্থলের আশপাশে প্রায় দুই কিলোমিটারের মধ্যে কোনো বসতবাড়ি নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে যাওয়ার পর অবশিষ্ট অংশ জঙ্গলে ফেলে রাখা হয়েছে।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ঘোড়াগুলো কোথা থেকে আনা হয়েছিল, মালিক কারা এবং কীভাবে এতগুলো ঘোড়া সেখানে পৌঁছাল—এসব বিষয়ও তদন্তের আওতায় রয়েছে।

একসঙ্গে এতগুলো ঘোড়া জঙ্গলে এনে জবাই করার ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ঘোড়ার মাংস কোথায় নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন তারা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments