Header Ads Widget

Responsive Advertisement

বাঁশি বাজিয়েই কোটিপতি: ২০২৬ বিশ্বকাপে রেফারিদের অবিশ্বাস্য আয়!


ফুটবল বিশ্বকাপের আলোচনায় সাধারণত খেলোয়াড় ও কোচদের নিয়েই বেশি কথা হয়। তবে বিশ্বের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে মাঠের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা রেফারিদের জন্যও থাকছে আকর্ষণীয় পারিশ্রমিক। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশিত একটি প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে এনডিটিভি স্পোর্টস।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপে দায়িত্ব পালনকারী রেফারিদের আয় মূলত দুটি অংশে বিভক্ত—একটি নির্ধারিত অংশগ্রহণ ফি (Base Fee) এবং অন্যটি ম্যাচ পরিচালনার ভিত্তিতে দেওয়া ম্যাচ ফি। টুর্নামেন্ট যত এগোবে এবং ম্যাচের গুরুত্ব যত বাড়বে, ততই বাড়বে তাদের পারিশ্রমিক।

এনডিটিভি স্পোর্টসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিফার চূড়ান্ত প্যানেলে জায়গা পাওয়া একজন প্রধান রেফারি অংশগ্রহণ ফি হিসেবে প্রায় ১ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৭ লাখ টাকা) পেতে পারেন।

এছাড়া গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য অতিরিক্ত ৩ হাজার থেকে ৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ম্যাচ ফি দেওয়া হতে পারে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের মতো নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করলে প্রতি ম্যাচে এই পারিশ্রমিক ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুধু প্রধান রেফারিই নন, সহকারী রেফারি (লাইনসম্যান), চতুর্থ কর্মকর্তা এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) কর্মকর্তাদের জন্যও আলাদা সম্মানীর ব্যবস্থা রয়েছে। এনডিটিভি স্পোর্টসের তথ্য অনুযায়ী, সহকারী রেফারি ও অন্যান্য ম্যাচ কর্মকর্তাদের জন্য প্রায় ২৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত নির্ধারিত অংশগ্রহণ ফি থাকতে পারে। পাশাপাশি ম্যাচ পরিচালনার ওপর ভিত্তি করে অতিরিক্ত অর্থ ও বোনাস পাওয়ার সুযোগও থাকবে।

প্রতিবেদনটি আরও বলছে, যেসব রেফারি পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ভালো পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনাল ও ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পাবেন, তারা অংশগ্রহণ ফি, ম্যাচ ফি, দৈনিক ভাতা ও বিশেষ বোনাস মিলিয়ে সর্বোচ্চ ৩ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ কোটি টাকা) পর্যন্ত আয় করতে পারেন।

এনডিটিভি স্পোর্টসের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবলে রেফারিদের নিরপেক্ষতা নিশ্চিত করা, অনৈতিক প্রভাবের ঝুঁকি কমানো এবং সর্বোচ্চ মানের ম্যাচ পরিচালনায় উৎসাহিত করতেই ফিফা প্রতিবছর রেফারিদের পারিশ্রমিক কাঠামো আরও আকর্ষণীয় করার চেষ্টা করে।

তবে উল্লেখ্য, ফিফা এখনো ২০২৬ বিশ্বকাপের রেফারিদের পারিশ্রমিকের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করেনি। তাই প্রকাশিত অঙ্কগুলো বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রকাশিত তথ্য।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments