বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে কুমিল্লায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড সংলগ্ন আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শরিফুল ইসলাম (৩২)। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। শরিফুল কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় বাবু ও মাইন উদ্দিন মালু নামের দুই ব্যক্তি শরিফুল ইসলামের ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, তারা তাকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
পরে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments