৮৫ মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানের, বাহরাইন-কুয়েতে সাইরেন
হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর বাহরাইন ও কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
বুধবার (৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসির দাবি, তাদের নৌ ও বিমান বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মোট ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলি আল-সালেম বিমান ঘাঁটি।
এর আগে মঙ্গলবার ইরানের হরমোজগান ও মাহশাহর উপকূলীয় এলাকায় সামরিক ঘাঁটি এবং কিছু বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে দাবি করে তেহরান। ওই হামলার জবাব হিসেবেই পাল্টা এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
আইআরজিসি আরও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের এই হামলা যুদ্ধবিরতি এবং ইসলামাবাদ চুক্তির লঙ্ঘন। পাশাপাশি ইরানের সাবেক সর্বোচ্চ নেতার দাফন-পরবর্তী পরিস্থিতিতে ওয়াশিংটনের ভূমিকারও সমালোচনা করেছে সংস্থাটি।
তবে হামলার ক্ষয়ক্ষতি, হতাহতের সংখ্যা কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এছাড়া আইআরজিসির দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments