বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে গড়েছেন নতুন রেকর্ড। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে পেছনে ফেলে বর্তমানে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুই তারকার ফেসবুক পেজের তথ্য অনুযায়ী, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে, সাকিব আল হাসানের অনুসারী রয়েছে ১ কোটি ৬০ লাখের বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষ অবস্থানে রয়েছেন পরীমনি।
এর আগেও দুজনের অনুসারীর সংখ্যা কাছাকাছি ছিল এবং একসময় সাকিব এগিয়েও ছিলেন। তবে সর্বশেষ পরিসংখ্যানে বড় ব্যবধানে তাকে ছাড়িয়ে গেছেন পরীমনি।
দুই তারকার ফলোয়ার সংখ্যা বিপুল হলেও তারা নিজেদের পেজ থেকে কাদের অনুসরণ করছেন, সে ক্ষেত্রে রয়েছে পার্থক্য।
সাকিব আল হাসানের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মাত্র ৬টি অ্যাকাউন্ট অনুসরণ করা হয়। এর মধ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের ফেসবুক পেজ।
অন্যদিকে, পরীমনির ফেসবুক পেজ থেকে ৭টি অ্যাকাউন্ট অনুসরণ করা হলেও সেগুলো প্রাইভেসি সেটিংসের কারণে সাধারণ ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান নয়।
উল্লেখ্য, অভিনয়জীবনের এক দশকেরও বেশি সময় ধরে পরীমনি চলচ্চিত্রের পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক নানা ইস্যুতে আলোচনায় থেকেছেন। বর্তমানে তিনি নতুন কয়েকটি কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, মাঠের ক্রিকেটের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান।
0 Comments