ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী
দেশের যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে এবং কাউকে সহায়তাবঞ্চিত রাখা হবে না।
বুধবার (৮ জুলাই) বিকেলে চট্টগ্রামের বন্যা ও পাহাড়ধসপ্রবণ বিভিন্ন এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এর আগে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের চলমান দুর্যোগ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, খাদ্য, বস্ত্র ও আশ্রয়ের ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পরই প্রতিমন্ত্রী বৈরী আবহাওয়া উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি হাটহাজারী উপজেলার ইছাপুর ও আজিমপুর এলাকায়, চট্টগ্রাম মহানগরের দক্ষিণ পাহাড়তলী খিল্লাপাড়া, জালালাবাদ বটতলা এবং বায়েজিদ থানার বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড় ফাটল এলাকা পরিদর্শন করেন। এসব স্থানে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্ভোগে সরকার আন্তরিকভাবে উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী এবং তরুণ সমাজকে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে সহায়তা করার আহ্বান জানান।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments