Header Ads Widget

Responsive Advertisement

মাগুরায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের দুই কন্যাশিশুর মৃত্যু



মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের দুই কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো মৌশা গ্রামের আলীনুরের দুই বছরের মেয়ে রাইসা এবং তার ভাই আমিনুরের তিন বছরের মেয়ে রাবিয়া। সম্পর্কে তারা চাচাতো বোন।

স্বজনরা জানান, সকালে বাড়ির আঙিনায় খেলতে বের হয় দুই শিশু। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাদের ভাসতে দেখে স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আবু আহসান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে জানা গেছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই মর্মান্তিক ঘটনায় মৌশা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments