Header Ads Widget

Responsive Advertisement

চার দিন পর খুলেছে দেবতাখুম, ভ্রমণে মানতে হবে চার শর্ত



টানা চার দিন বন্ধ থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম। তবে নিরাপত্তার স্বার্থে ভ্রমণের ক্ষেত্রে চারটি বাধ্যতামূলক শর্ত বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিম আলম তুলির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের বিভিন্ন এলাকায় সড়ক ও পাহাড়ধসের ঝুঁকি সৃষ্টি হওয়ায় ১৬ থেকে ২০ জুলাই পর্যন্ত দেবতাখুম পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় মঙ্গলবার থেকে শর্তসাপেক্ষে পর্যটন কেন্দ্রটি আবারও খুলে দেওয়া হয়েছে।

পর্যটকদের জন্য প্রশাসনের চারটি শর্ত হলো—

  • পর্যটকবাহী কোনো যানবাহন (বাইক, চাঁদের গাড়ি বা ব্যক্তিগত গাড়ি) কচ্ছপতলী বাজারের পর যেতে পারবে না। সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার পথ হেঁটে অথবা নৌপথে দেবতাখুমে যেতে হবে।

  • নৌভ্রমণের সময় প্রত্যেক পর্যটকের লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযানে উঠতে দেওয়া হবে না।

  • স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পর্যটন ব্যবস্থাপনা কমিটি ও নিবন্ধিত গাইডের সব নির্দেশনা মেনে চলতে হবে এবং নিজ নিজ নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে হবে।

  • আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বর্ষণ, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিলে প্রশাসন পূর্ব ঘোষণা ছাড়াই পর্যটক প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করতে পারবে।

গত আট দিনের ভয়াবহ বন্যায় বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং জেলার বিভিন্ন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় জেলার বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।

রোয়াংছড়ি ট্যুরিস্ট গাইড সমিতির সভাপতি পলাশ তংচগ্যা বলেন, দেবতাখুম খুলে দেওয়ায় গাইড, চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। দীর্ঘ কয়েকদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় তারা কর্মহীন হয়ে পড়েছিলেন। এখন আবার পর্যটকদের আনাগোনায় এলাকাটি প্রাণ ফিরে পাবে।

উল্লেখ্য, বান্দরবান জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলার তারাছা খালের শীলবাঁধা পাড়ায় অবস্থিত দেবতাখুম। দুই পাশের উঁচু পাথুরে পাহাড় আর মাঝখানের স্বচ্ছ নীল পানির খুমটি দেশের অন্যতম জনপ্রিয় অ্যাডভেঞ্চার পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments