বিশ্ববাজারে আবারও বাড়ল গ্যাস ও তেলের দাম
ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি দিয়ে বের হওয়ার সময় একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজে হামলার খবরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। এ ঘটনার পর বিশ্ববাজারে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের দাম বেড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইউরোপের বেঞ্চমার্ক প্রাকৃতিক গ্যাসের দাম ৪ দশমিক ৫ শতাংশের বেশি বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৪৬ ইউরো (প্রায় ৫২ দশমিক ৫ মার্কিন ডলার) হয়েছে। আগের দিনের দরপতনের পর এদিন বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি দাবি করেছে, সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার পর সংশ্লিষ্ট এলএনজি জাহাজটি হামলার শিকার হয়। তবে এ হামলার ঘটনার বিষয়ে এখন পর্যন্ত স্বাধীন কোনো আন্তর্জাতিক সূত্র থেকে তাৎক্ষণিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় আন্তর্জাতিক তেলের বাজারেও দাম বেড়েছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৩ মার্কিন ডলারে পৌঁছেছে, যা এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বিশ্ব জ্বালানি সরবরাহ ও বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে, কারণ বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহনের একটি বড় অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ ব্যবহার করে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments