Header Ads Widget

Responsive Advertisement

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় দুজন গ্রেপ্তার

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় দুজন গ্রেপ্তার


ঢাকার সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫২) এবং সাভারের আনন্দপুর মহল্লার যুবলীগ কর্মী সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত ইমতিয়াজ।

এর আগে সোমবার (৬ জুলাই) রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পদযাত্রা-পরবর্তী সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

মামলার এজাহার অনুযায়ী, রাত সাড়ে ৯টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে উপস্থিত হন। এ সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পর এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ ঘটনায় সোমবার রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments