Header Ads Widget

Responsive Advertisement

বাসা থেকে ৬৪ হাজার টাকাসহ খেলনা নিয়ে পালায় শিশু, মাদারীপুর থেকে উদ্ধার



মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার ১২০ টাকা ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে পুলিশের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া অর্থসহ শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া শিশুটি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের সুমন জমাদ্দারের ছেলে মাহিম জমাদ্দার (৮)।

জানা গেছে, গত বুধবার (১৬ জুলাই) শিরখাড়া এলাকা থেকে মাহিম নিখোঁজ হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের বহির্বিভাগে একা ঘোরাফেরা করতে দেখে দায়িত্বরত আনসার সদস্য অন্তর মিয়া বিষয়টি হাসপাতাল আনসার ক্যাম্প ইনচার্জ মোখলেসুর রহমানকে জানান। পরে আনসার সদস্যরা শিশুটিকে নিরাপদ হেফাজতে নেন।

শিশুটির ব্যাগ তল্লাশি করে প্রিয় খেলনার পাশাপাশি নগদ ৬৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। এরপর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এবং সদর থানাকে জানানো হয়। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়।

শিশুটির বাবা সুমন জমাদ্দার বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর পুরো পরিবার চরম উদ্বেগে ছিল। আনসার সদস্যদের আন্তরিকতায় সন্তানকে নিরাপদে ফিরে পেয়েছেন বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন জানান, শিশুটিকে এবং তার সঙ্গে থাকা সব অর্থ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সন্তানদের প্রতি আরও যত্নশীল ও দায়িত্বশীল হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগের পর রাতেই শিশুটিকে নিরাপদে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments