Header Ads Widget

Responsive Advertisement

জামায়াত থেকে বহিষ্কারের পরও কি এমপি পদ থাকছে গাজী নজরুলের?

 


নৈতিক স্খলনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তবে দল থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য (এমপি) পদ বহাল থাকবে কি না, তা নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, কোনো রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হলেও সংবিধান অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে সংসদ সদস্যের পদ বাতিল হয় না। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সংসদ সদস্য নিজ দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হবে। কিন্তু দল থেকে বহিষ্কার করা হলে তিনি স্বতন্ত্র বা স্বাধীন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যেতে পারেন।

এ বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হলে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না। তবে তিনি পদত্যাগ করলে সাতক্ষীরা-৪ আসন শূন্য হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। প্রথমে ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং সংস্থা সেগুলো বাস্তব বলে নিশ্চিত করে।

এরপর গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তাদের বিয়ে হয়েছে। তবে প্রচারিত কাবিননামার সত্যতা ও বিয়ের তারিখ নিয়ে সংশ্লিষ্ট কাজীর বক্তব্যের পর বিষয়টি আরও বিতর্কিত হয়ে ওঠে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার (২২ জুলাই) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী গাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে (ইসি) জানানো হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

বহিষ্কারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments