পছন্দের শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে স্বামীকে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে পিটিয়ে এবং পরে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের থানে জেলার বদলাপুর পূর্ব এলাকায় ঘটে যাওয়া এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতের নাম হরে রাম কিষাণজী সিংহ (৩৫)। গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সুনীতাদেবী হরে রাম সিংহ (৩০) ভারতের বিহারের রোহতাস জেলার বাসিন্দা।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ জুলাই বদলাপুর পূর্বের নিজ বাসায় শাড়ি কিনে না দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সুনীতাদেবী প্রেসার কুকারের ঢাকনা দিয়ে স্বামীর ওপর হামলা চালান। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টিকে দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে দেখানোর চেষ্টা করেন এবং পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেন।
প্রাথমিকভাবে পুলিশ অপমৃত্যুর মামলা করে তদন্ত শুরু করলেও ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসে।
বদলাপুর পূর্ব থানার জ্যেষ্ঠ পরিদর্শক নিতিন পাতিল জানান, মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জোরপূর্বক শ্বাসরোধের ফলে (ভায়োলেন্ট অ্যাসফিক্সিয়া) হরে রাম কিষাণজী সিংহের মৃত্যু হয়েছে। পরে নিহতের পরিবারের সদস্য ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলে পুলিশের সন্দেহ সুনীতাদেবীর দিকে যায় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার স্থানীয় একটি আদালত অভিযুক্ত সুনীতাদেবীকে আগামী ২৯ জুলাই পর্যন্ত পুলিশি রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments