ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ
বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক তরুণ। একই সঙ্গে তিনি পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন।
অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালীর সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান। তবে পুলিশ জানিয়েছে, এ ধরনের বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই।
লিখিত অভিযোগে রাকিব দাবি করেন, মঙ্গলবার রাতে স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপের ম্যাচটি দেখার সময় তিনি রেফারির একাধিক সিদ্ধান্তে পক্ষপাতিত্ব লক্ষ্য করেন। তার অভিযোগ, ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়ে ম্যাচের ফলাফল প্রভাবিত করা হয়েছে।
অভিযোগে তিনি ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।
রাকিবের ভাষ্য, অন্যায্য পেনাল্টি প্রদান, বৈধ গোল বাতিল এবং মিসরের খেলোয়াড় ও কোচিং স্টাফের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্তের মাধ্যমে কোটি কোটি সমর্থকের আবেগের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এতে তিনি ও মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন। পাশাপাশি ফিফার কাছ থেকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, অভিযোগটি গ্রহণের জন্য একজন তরুণ থানায় এসেছিলেন। তবে বিষয়টি স্থানীয় থানার আইনগত এখতিয়ারের বাইরে হওয়ায় মামলা নেওয়া সম্ভব হয়নি। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে অভিযোগকারী রাকিব জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। পাশাপাশি প্রয়োজন হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বলেও জানান।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments