Header Ads Widget

Responsive Advertisement

ট্রেনে হেনস্থার অভিযোগে রেলপথ অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরিদর্শক (টিটিই) কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছনা ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের এ কর্মসূচির ফলে সারাদেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৬৭ ব্যাচ) শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেস ট্রেনে ভ্রমণের সময় অভিযুক্ত টিটিই সরকারি রসিদ না দিয়ে যাত্রীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করছিলেন। বিষয়টির প্রতিবাদ করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীকে মারধর করেন।

সহপাঠীদের দাবি, ভুক্তভোগীর পরনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগোযুক্ত টি-শার্ট থাকা সত্ত্বেও তাকে একাধিকবার শারীরিকভাবে আঘাত করা হয়। পরে বিষয়টি ধামাচাপা দিতে রাজশাহী স্টেশনে পৌঁছানোর আগেই তাকে একটি আগের স্টেশনে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়।

ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা চারুকলা সংলগ্ন রেললাইনে অবস্থান নিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে দেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত টিটিই সুমনকে দ্রুত হাজির করে আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে তাদের আন্দোলন চলবে।


তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments