Header Ads Widget

Responsive Advertisement

লিবিয়ায় দালালের খপ্পরে কুমিল্লার ছয় যুবক, দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি



অবৈধ পথে ইতালি যাওয়ার আশায় লিবিয়ায় গিয়ে মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়েছেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় যুবক। তাদের জিম্মি করে পরিবারের কাছে মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। টাকা না দিলে চালানো হচ্ছে নির্মম নির্যাতন। ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারগুলো সন্তানদের উদ্ধারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ চেয়ে লিখিত আবেদন করেছে।

জিম্মি থাকা যুবকেরা হলেন- খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের শাহাদাত হোসেন (২০), মানিকুল ইসলাম (২০), মো. সোহেল (২৭), তাজ মোহাম্মদ (২৫), ফয়সাল (২০) এবং লক্ষণপুর ইউনিয়নের বেতিয়াপাড়া গ্রামের মেহেদী হাসান (২১)। 

মানিকুল ইসলামের বাবা মাহবুবুর রহমান জানান, ইতালি পাঠানোর আশ্বাস দিয়ে প্রায় নয় মাস আগে স্থানীয় দালালচক্রের সদস্য সামছুল আলমের কাছে ২০ লাখ টাকা দেওয়া হয়। পরে ছেলেকে লিবিয়ায় নেওয়া হলেও সেখানে আরেক দালালচক্রের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে মুক্তিপণের দাবিতে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে।

একই অভিযোগ করেছেন মেহেদী হাসানের বাবা শাহআলম। তিনি জানান, আট মাস আগে ১৮ লাখ টাকা দিয়ে ছেলেকে লিবিয়ায় পাঠানো হয়েছিল। এখন তিনিও একই দালালচক্রের হাতে জিম্মি।

পরিবারগুলোর অভিযোগ, প্রায় আট মাস নিজেদের হেফাজতে রাখার পর সম্প্রতি যুবকদের আরও ভয়ংকর একটি মানবপাচারকারী চক্রের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ১৫ থেকে ২০ দিন ধরে একটি গোপন আস্তানায় আটকে রেখে জনপ্রতি ২৫ লাখ টাকা করে মোট দেড় কোটি টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। নির্যাতনের ভিডিও ইমো ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরিবারের কাছে পাঠিয়ে দ্রুত টাকা পাঠানোর চাপ দেওয়া হচ্ছে।

স্বজনরা জানান, ভিডিওতে তাদের সন্তানদের ওপর চালানো নির্যাতনের ভয়াবহ দৃশ্য দেখে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তবে এত বিপুল অর্থ জোগাড় করা তাদের পক্ষে সম্ভব নয়।

এদিকে, নির্যাতনের ভিডিও সামাজিকভাবে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত দালাল সামছুল আলম ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে আত্মগোপনে গেছেন বলে দাবি স্থানীয়দের। লিবিয়ায় অবস্থানরত মূল দালাল মানিকের সঙ্গেও আর যোগাযোগ করা যাচ্ছে না।

সন্তানদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments