বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বান্দরবানের জেলা প্রশাসক সানিউল ফেরদৌস।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং বড় ধরনের কোনো দুর্যোগ না দেখা দিলে আগামী বৃহস্পতিবার থেকেই জেলার সব পর্যটনকেন্দ্র পুনরায় চালু করা হবে।
জেলা প্রশাসক বলেন, “বান্দরবানের অসংখ্য মানুষের জীবিকা পর্যটন শিল্পের সঙ্গে জড়িত। দীর্ঘদিন পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় অনেকেই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দুর্যোগ মোকাবিলায় কাজ করছি। এভাবে সমন্বিতভাবে কাজ করলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।”
উল্লেখ্য, টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় পর্যটক এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন তিন দফায় ৮ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছিল।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে থাকলে নির্ধারিত সময় শেষে পর্যটন কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments