২০২৬ সালের ফিফা পুরুষদের বিশ্বকাপ এখন শেষ পর্যায়ে। টুর্নামেন্টে বাকি রয়েছে মাত্র চারটি ম্যাচ। এমন সময়ে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের পূর্বাভাসে উঠে এসেছে সম্ভাব্য চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয় স্থান অর্জনকারী দলের নাম।

এজে ল্যাবস বিশ্বের ৯টি শীর্ষস্থানীয় এআই মডেলকে প্রতিটি দলের স্কোয়াডের মান, কোচিং, অতীতের সাফল্য এবং চলতি বিশ্বকাপে পারফরম্যান্স বিশ্লেষণ করে সম্ভাব্য ফলাফল জানাতে বলে।

বিশ্লেষণে দেখা যায়, ৯টি মডেলের মধ্যে ৫টি—জেমিনি, গ্রক, ডিপসিক, লে চ্যাট এবং কুয়েন—ফ্রান্সকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছে।

অন্যদিকে চ্যাটজিপিটি, ক্লড, কোপাইলট এবং মেটা এআই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই শিরোপা জয়ের সবচেয়ে সম্ভাবনাময় দল হিসেবে পূর্বাভাস দিয়েছে।

রানার্সআপ নির্বাচনের ক্ষেত্রে মতভেদ আরও বেশি দেখা গেছে। ফ্রান্স ও আর্জেন্টিনা—উভয় দলই তিনটি করে ভোট পেয়েছে। ইংল্যান্ড পেয়েছে দুটি এবং স্পেন একটি ভোট।

তৃতীয় স্থান অর্জনের সম্ভাবনায় সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। ৯টি পূর্বাভাসের মধ্যে ৬টিতেই স্পেনকে তৃতীয় স্থানে রাখা হয়েছে। ইংল্যান্ড পেয়েছে দুটি এবং ফ্রান্স একটি ভোট।

এআই মডেলগুলোর বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে, সেমিফাইনালে ওঠা চার দল—ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড—বর্তমানে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স, স্কোয়াডের গভীরতা ও ম্যাচভিত্তিক মূল্যায়নে মডেলগুলোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মঙ্গলবার (১৪ জুলাই) টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (১৫ জুলাই) জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা

আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল।

এআই মডেলগুলোর পূর্বাভাস সংক্ষেপে:

সম্ভাব্য চ্যাম্পিয়ন

  • ফ্রান্স — ৫টি মডেল

  • আর্জেন্টিনা — ৪টি মডেল

সম্ভাব্য রানার্সআপ

  • ফ্রান্স — ৩টি মডেল

  • আর্জেন্টিনা — ৩টি মডেল

  • ইংল্যান্ড — ২টি মডেল

  • স্পেন — ১টি মডেল

সম্ভাব্য তৃতীয় স্থান

  • স্পেন — ৬টি মডেল

  • ইংল্যান্ড — ২টি মডেল

  • ফ্রান্স — ১টি মডেল

তাহাদ নিউজ ২৪ ডেস্ক