জাতীয় সংসদে নিজের সাম্প্রতিক মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সঙ্গে সমন্বয় করে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়া হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬ পাসের আগে সংসদ সদস্যদের বক্তব্যের জবাব দিতে গিয়ে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী বলেন, “আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও আমার বক্তব্যে কেউ যদি আহত হয়ে থাকেন, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি।”
তার এই বক্তব্যের পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান।
পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন বৃষ্টির কারণে অনেক পরীক্ষার্থী ভিজে কেন্দ্রে পৌঁছেছেন এবং সঠিকভাবে পরীক্ষা দিতে পারেননি—এমন অভিযোগ সরকারের কাছে এসেছে।
তিনি বলেন, চট্টগ্রাম বোর্ডের বন্যার কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলো যেহেতু পুনরায় নেওয়া হবে, তাই একই সময় অন্য বোর্ডগুলোর পরীক্ষার্থীদের জন্যও পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা হবে।
সংসদে সম্পূরক প্রশ্নে বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, বৈরী আবহাওয়ার মধ্যে এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা এক বা দুই দিন পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না কেন।
জবাবে শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নেওয়ার আগে ৬৪ জেলার পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আবহাওয়া অনুকূলে থাকবে বলেই পরীক্ষা যথাসময়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্র পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট এক পরীক্ষার্থীর পোশাক ভিজে যাওয়ায় তার জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করা হয় এবং এক ঘণ্টা দেরিতে পরীক্ষা নিয়ে অতিরিক্ত সময় দেওয়া হয়।
মন্ত্রী আরও জানান, কুমিল্লা ছাড়া দেশের অন্য কোথাও জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষা আয়োজন নিয়ে বড় ধরনের কোনো সমস্যার কথা জানানো হয়নি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments