Header Ads Widget

Responsive Advertisement

ফের আসছে অতিভারী বর্ষণ, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

 


আষাঢ়ের শেষভাগে এসে সারা দেশে এখনো সক্রিয় রয়েছে বর্ষাবাহী মৌসুমি বায়ু। তবে আগামী দুই দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও, ১৬ জুলাই থেকে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা দেশের সব বিভাগেই বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকবে। এ সময় দেশের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৬ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক টানা বর্ষণের পেছনে রয়েছে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, মৌসুমি বায়ুর অস্বাভাবিক সক্রিয়তা, বায়ুপ্রবাহের পরিবর্তিত গতিপথ এবং এল নিনোর প্রভাব

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকবে। তবে ১৬ জুলাই থেকে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে ওঠায় আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

তিনি আরও জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments