সাজেকে পাঁচ শতাধিক পর্যটক আটকা, নিরাপত্তা বহরের নির্দেশনা মেনে অপেক্ষার আহ্বান
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে রাঙ্গামাটির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালীতে আটকা পড়েছেন পাঁচ শতাধিক পর্যটক। খাগড়াছড়ি-সাজেক সড়কের মাচালং ও বাগাইহাটসহ একাধিক এলাকায় পানি উঠে যাওয়ায় বুধবার (৮ জুলাই) সকাল থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
এর ফলে মঙ্গলবার সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকরা নির্ধারিত সময়ে খাগড়াছড়িতে ফিরতে পারেননি।
কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানান, সড়কের বিভিন্ন স্থানে বন্যার পানি জমে থাকায় আপাতত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। পানি নেমে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।
তিনি আরও জানান, বিরূপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে প্রশাসন সাময়িকভাবে সাজেকে নতুন পর্যটক প্রবেশ বন্ধ ঘোষণা করেছে। ফলে বুধবার সকাল থেকে খাগড়াছড়ি থেকে সাজেকগামী কোনো পর্যটকবাহী যানবাহন ছেড়ে যায়নি।
এদিকে স্থানীয় প্রশাসন ও কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সাজেকের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অতিবৃষ্টির কারণে মাচালং ও বাগাইহাট এলাকার কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় বুধবার সকালের সেনাবাহিনীর নিরাপত্তা বহর (কনভয়) স্থগিত করা হয়েছে।
আটকে পড়া পর্যটকদের দুপুর পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। বিকালের মধ্যে পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনীর নিরাপত্তা বহরের মাধ্যমে তাদের খাগড়াছড়িতে পাঠানো হবে। আর তা সম্ভব না হলে বৃহস্পতিবার সকালে পরিস্থিতি অনুকূলে থাকলে নিরাপত্তা বহরের মাধ্যমে পর্যটকদের সরিয়ে নেওয়া হবে।
পর্যটকদের আগের রাতে যে রিসোর্টে অবস্থান করেছিলেন, সেখানেই ফিরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি রিসোর্ট মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, বুধবার রাতের জন্য শুধুমাত্র পানির খরচ নেওয়া হবে, অতিরিক্ত কোনো কক্ষভাড়া আদায় করা যাবে না।
স্থানীয় প্রশাসন ও কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি ও প্রস্তুতি অব্যাহত রয়েছে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments