Header Ads Widget

Responsive Advertisement

বাংলাদেশ কি পেতে যাচ্ছে প্রথম নারী রাষ্ট্রপতি?

 


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তবে এই দায়িত্ব কতদিন থাকবে এবং দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

স্বাধীনতার ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশ এখন পর্যন্ত ২২ জন রাষ্ট্রপতি পেয়েছে। তবে এ পর্যন্ত কেউই নারী রাষ্ট্রপতি হননি। এবার দেশের প্রথম নারী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে মানবাধিকারকর্মী, সাবেক আমলা, সাবেক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির চার সদস্যের নাম আলোচনায় রয়েছে।

এ বিষয়ে সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, দেশ পরিচালনা এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে যিনি সবচেয়ে উপযুক্ত হবেন, প্রধানমন্ত্রী তাকেই রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন দেবেন।

তিনি আরও বলেন, দলের জন্য নিবেদিত, গ্রহণযোগ্য এবং অভিজ্ঞ যে কেউ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসতে পারেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি, সুপরিচিত নাগরিক, দলের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ কর্মী কিংবা অভিজ্ঞ ও সবার কাছে গ্রহণযোগ্য সিনিয়র নেতা হতে পারেন। এ বিষয়ে সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের শুরুতেই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদের আগামী অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি ভোটে যাবে বলে আশা করা হচ্ছে।

এ কারণে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক এবং মন্ত্রিপরিষদের সিদ্ধান্তের দিকেই এখন রাজনৈতিক মহলের নজর রয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments