Header Ads Widget

Responsive Advertisement

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 


পটুয়াখালীর সদর উপজেলায় দুটি পোষা কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি সরাসরি আমলে নিয়ে দুই আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলেন দক্ষিণ বাদুরা এলাকার মো. মঞ্জু হাওলাদার (৫০) এবং মো. জহির হাওলাদার (৪৫)।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৩ জুলাই সকাল ১১টার দিকে আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের চেড়া ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নজরে আসে। পরে ভিডিও যাচাই করে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

মামলার বাদী ডা. মো. আতিউর রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে বিষয়টি জানতে পারেন। যাচাই-বাছাই শেষে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার অভিযোগে মামলা করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মো. ইমরান বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রচলিত আইন অনুযায়ী মামলাটি করা হয়েছে এবং আদালত সেটি সরাসরি আমলে নিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments