মেসির চোটের সর্বশেষ অবস্থা জানালেন স্কালোনি
হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে মাঠে ফেরার পথে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের প্রস্তুতি উপলক্ষে অনুষ্ঠিতব্য দুই প্রীতি ম্যাচেই তাকে মাঠে দেখা যেতে পারে বলে জানিয়েছেন আর্জেন্টিনা দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
গত ২৪ মে ইন্টার মায়ামির হয়ে খেলতে গিয়ে বাঁ-পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মেসি। এরপর আর্জেন্টিনা দলে যোগ দিলেও শুরুতে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি তিনি। ফিটনেস ফিরে পেতে আলাদা পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
তবে সর্বশেষ পরিস্থিতিতে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন কোচ স্কালোনি। তিনি বলেন, মেসি এখন আগের চেয়ে অনেক ভালো আছেন এবং ধীরে ধীরে দলের সঙ্গে অনুশীলনে ফিরছেন।
স্কালোনি জানান, বিশ্বকাপের আগে ম্যাচের ছন্দে ফিরিয়ে আনতেই প্রীতি ম্যাচগুলোতে সীমিত সময়ের জন্য মেসিকে মাঠে নামানো হতে পারে। তবে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নাকি আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হবে, সে সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করেই নেওয়া হবে।
আগামীকাল টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর ১০ জুন আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দলগুলো হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে লিওনেল মেসির দল। এরপর ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে এবং ২৮ জুন জর্ডানের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments