Header Ads Widget

Responsive Advertisement

রাতে মেট্রোরেল চলাচলে বাড়তি সময়, আজ থেকেই কার্যকর

 রাতে মেট্রোরেল চলাচলে বাড়তি সময়, আজ থেকেই কার্যকর


রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে মেট্রোরেলের রাতের সেবা সময় বৃদ্ধি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার (৭ জুন) থেকে উভয় প্রান্তে রাতের শেষ ট্রেনের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীদের চাহিদা বিবেচনায় নিয়ে আপাতত উত্তরা উত্তর ও মতিঝিল স্টেশন থেকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে প্রায় এক মাস ধরে বিভিন্ন পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, মতিঝিল স্টেশন থেকে উত্তরার উদ্দেশ্যে দিনের শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, যা আগে ছিল রাত ১০টা ১০ মিনিট। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে। পূর্বে এ ট্রেনটি রাত ৯টা ৩০ মিনিটে পরিচালিত হতো।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে মেট্রোরেলের দৈনিক পরিচালন সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছিল। তখন সকালে আধা ঘণ্টা আগে সেবা শুরু এবং রাতেও অতিরিক্ত আধা ঘণ্টা সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ধাপে ধাপে সম্প্রসারণের মাধ্যমে ২০২৩ সালের শেষ দিকে মতিঝিল পর্যন্ত পূর্ণাঙ্গ সেবা চালু করা হয়। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চার লাখ যাত্রী রাজধানীর যানজট এড়িয়ে দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য মেট্রোরেল ব্যবহার করছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments