স্ত্রী পালাল বন্ধুর সঙ্গে, প্রতিশোধ নিতে সেই বন্ধুর বউকেই বিয়ে



টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামে পরকীয়াকে কেন্দ্র করে ঘটে গেছে আলোচিত এক ঘটনা। প্রেমিকের সঙ্গে স্ত্রী চলে যাওয়ার পর প্রতিশোধ হিসেবে ওই প্রেমিকের স্ত্রীকে বিয়ে করেছেন এক যুবক। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশতৈল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাজাহান সিরাজ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পেকুয়া গ্রামের সাইজুদ্দীন মিয়ার ছেলে হাসান মিয়া প্রায় ১৫ বছর আগে পারিবারিকভাবে জহুরা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হাসান মিয়ার বাড়ির পাশেই একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন সাতক্ষীরা জেলার রাজু মিয়া। পাশাপাশি বসবাসের কারণে রাজু মিয়ার স্ত্রী ও জহুরা আক্তারের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে। গত ৭ মে রাজু মিয়া জহুরা আক্তারকে নিয়ে চলে যান। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান মিয়া প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে রাজু মিয়ার স্ত্রীকে নিজের কাছে নিয়ে আসেন।

হাসান মিয়ার দাবি, চলতি মাসের ৪ জুন তিনি সাতক্ষীরা থেকে রাজু মিয়ার স্ত্রীকে তার তিন বছর বয়সী সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসেন এবং পরে তাকে বিয়ে করেন।

এ বিষয়ে হাসান মিয়া বলেন, “ও আমার স্ত্রীকে নিয়ে গেছে, তাই আমি ওর স্ত্রীকে নিয়ে এসেছি। পরকীয়ার শাস্তি দিতেই আমি এমন সিদ্ধান্ত নিয়েছি।”

অন্যদিকে, এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রাজু মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক