চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ডালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে তারা ডালিয়ান ত্যাগ করেন।
এর আগে সকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই আয়োজন ছিল ১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস (এএমএনসি)।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন আমাদু উরি বাহ, ওলঝাস বেকতেনভ, কিম মিন-সেওক, নিয়াম-ওসর উচরাল এবং মিলোইকো স্পাইজিচ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ জন প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিরা ছিলেন।
বিশ্লেষকদের মতে, ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি করেছে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিগত সহযোগিতা এবং বিভিন্ন দেশের উন্নয়ন অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার (২২ জুন) চীনের ডালিয়ান শহরে পৌঁছান এবং বিভিন্ন আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments