নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্রসহ ৪ জনের জামিন
শ্রম আইনের একটি মামলায় গ্রেপ্তার হওয়া নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রসহ আত্মসমর্পণ করা চার আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার প্রথম শ্রম আদালতের বিচারক গোলাম আজম শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে একই দিন ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে তিনি আদালতের কাছে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। একই মামলার অপর তিন আসামিও আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। পরে আদালত তাদের সবার জামিন মঞ্জুর করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার প্রায় ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করার অভিযোগে দায়ের করা শ্রম আইনের মামলায় সাজেদুল ইসলাম শুভ্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ঢাকার প্রথম শ্রম আদালত।
মামলার পরোয়ানা কার্যকর করতে মঙ্গলবার রাত থেকেই সাজেদুল ইসলামের বাসার সামনে অবস্থান নেয় পুলিশ। তবে গভীর রাত পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বুধবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
আদালত সূত্র জানিয়েছে, মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments