জামায়াতের জোটে আবারও ভাঙনের গুঞ্জন!
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটে নতুন করে ভাঙনের গুঞ্জন দেখা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট ছাড়ার পর এবার বাংলাদেশ খেলাফত আন্দোলনও জোট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। নির্বাচনী আসন সমঝোতা নিয়ে অসন্তোষের কারণে দলটির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদেক হক্কানী বলেন, জোটের সঙ্গে তাদের সমঝোতা মূলত নির্বাচনী ভিত্তিতে হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর জোটের কার্যক্রম ও আচরণ নিয়ে তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তিনি জানান, বর্তমানে তারা জোটের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।
তিনি আরও বলেন, চলতি মাসের ১০ তারিখ অনুষ্ঠিতব্য মজলিসে আমেলার বৈঠকে জোটে থাকা বা না থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সমন্বয়ের চেষ্টা শুরু হয়। সেই ধারাবাহিকতায় বিভিন্ন ইসলামী দল একটি বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নেয়। তাদের লক্ষ্য ছিল ইসলামি মূল্যবোধভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করা।
তবে জোট গঠনের পর থেকেই নির্বাচনী আসন বণ্টন নিয়ে অংশীদার দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দেয়। বিশেষ করে জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তির ভিত্তিতে আসন বণ্টনের প্রশ্নে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে দূরত্ব বাড়তে থাকে।
দীর্ঘ আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে না পারায় চলতি বছরের ১৬ জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জোট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। এরপর খেলাফত আন্দোলনের এমন অবস্থান ১১ দলীয় জোটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে।
এখন রাজনৈতিক মহলের নজর ১০ তারিখের বৈঠকের দিকে, যেখানে বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের পরবর্তী অবস্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে।
-তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments