Header Ads Widget

Responsive Advertisement

১৪ জুন কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪ জুন কক্সবাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


 ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা, ১৪ জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাহাদ নিউজ ২৪ ডেস্ক:

দেশব্যাপী পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী ১৪ জুন কক্সবাজারের দুলহাজরায় এই বৃহৎ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সারাদেশে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের মাটির ধরন ও পরিবেশগত বৈশিষ্ট্য এক নয়। তাই স্থানীয় পরিবেশ ও মাটির গুণাগুণ বিবেচনায় উপযোগী গাছ নির্বাচন করে রোপণ করতে হবে। এতে গাছের টিকে থাকার হার বৃদ্ধি পাবে এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বর্তমানে আরও স্পষ্ট হয়ে উঠছে। ঋতুচক্রের স্বাভাবিক ধারাতেও পরিবর্তন দেখা যাচ্ছে। আগে জুন মাসে নিয়মিত বৃষ্টিপাত হলেও এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। বনাঞ্চল ও গাছপালা কমে যাওয়াকে তিনি এ পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এজন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নিয়েছে।

সভায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সাত্তার, পরিবেশ সচিব রায়হান কাওছার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক, প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী এবং ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সেলের সদস্য জামাইল বশীর জেবি সভায় অংশ নেন।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের বনাঞ্চল সম্প্রসারণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

-তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments