Header Ads Widget

Responsive Advertisement

রত্ন সংগ্রহে খনিতে নেমে প্রাণ গেল ৫ জনের, নিখোঁজ ১৫

রত্ন সংগ্রহে খনিতে নেমে প্রাণ গেল ৫ জনের, নিখোঁজ ১৫



মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় একটি জেড (রত্ন) খনিতে ধসের ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক দিন ধরে চলা ভারী বৃষ্টির কারণে পুরোনো খনির বর্জ্যের বিশাল স্তূপ আলগা হয়ে ধসে পড়ে। এ সময় মূল্যবান জেড পাথর সংগ্রহে ব্যস্ত শ্রমিকরা মাটিচাপা পড়েন।

এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের খুঁজে বের করতে উদ্ধারকারীরা খননকাজ চালিয়ে যাচ্ছেন।

বিশ্বের অন্যতম বৃহৎ জেড পাথরের উৎস হিসেবে পরিচিত কাচিন রাজ্যের খনি খাতের বড় অংশই দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীন অবস্থায় রয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে, বিশেষ করে চীনে জেড পাথরের ব্যাপক চাহিদা রয়েছে এবং অনেক সংস্কৃতিতে এটি সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধের মধ্যে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও সংঘাতরত পক্ষ ওই অঞ্চলের বহু খনির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। খনি থেকে অর্জিত অর্থ তারা নিজেদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করছে।

অন্যদিকে স্থানীয় দরিদ্র মানুষ জীবিকার তাগিদে পরিত্যক্ত খনির বর্জ্যের স্তূপে মূল্যবান পাথরের টুকরা সংগ্রহ করতে গিয়ে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন।

সম্প্রতি হপাকান্ত এলাকায় জেড খনির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মিয়ানমারের সেনাবাহিনী ও বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষও তীব্র আকার ধারণ করেছে, যা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments