Header Ads Widget

Responsive Advertisement

যে পাহাড়ে রাত নামলেই জ্বলে নীল ‘আগুন’

 যে পাহাড়ে রাত নামলেই জ্বলে নীল ‘আগুন’


পৃথিবীতে এমন কিছু প্রাকৃতিক বিস্ময় রয়েছে, যা দেখলে বাস্তবের চেয়ে কল্পকাহিনির অংশ বলেই মনে হয়। তেমনই এক বিস্ময়ের নাম নীল আগুনের পাহাড়। দিনের বেলায় সাধারণ পাহাড়ের মতো দেখালেও রাত নামলেই এর ঢালজুড়ে জ্বলে ওঠে রহস্যময় নীল শিখা, যা দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটক ও গবেষকরা ছুটে যান।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলে অবস্থিত ‘কাওয়াহ ইজেন’ আগ্নেয়গিরিতেই দেখা মেলে এই বিরল প্রাকৃতিক ঘটনার। রাতের অন্ধকারে আগ্নেয়গিরির ঢালে জ্বলে ওঠা নীল আগুনের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো পর্যটক, আলোকচিত্রী ও প্রকৃতিপ্রেমী সেখানে ভিড় জমান।

নীল আগুনের অপূর্ব দৃশ্য দেখতে দর্শনার্থীরা সাধারণত মধ্যরাতের পর যাত্রা শুরু করেন। কয়েক ঘণ্টার দুর্গম ট্রেকিং শেষে তারা আগ্নেয়গিরির ক্রেটারের কাছাকাছি পৌঁছান, যেখানে অন্ধকারের মধ্যে রহস্যময় নীল শিখা স্পষ্টভাবে দেখা যায়।

গভীর রাত থেকেই নীল আগুনের শিখাগুলো সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। চারপাশের ঘন অন্ধকারে কাওয়াহ ইজেনের রহস্যময় সৌন্দর্য যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। আগ্নেয়গিরির ক্রেটারের গভীরে জ্বলতে থাকা নীল শিখার এই অপূর্ব দৃশ্য সূর্যোদয়ের আগ পর্যন্ত উপভোগ করা যায়।

বিশেষজ্ঞদের মতে, এটি আসলে কোনো অতিপ্রাকৃত ঘটনা নয়। আগ্নেয়গিরির ভেতর থেকে নির্গত সালফার গ্যাস উচ্চ তাপমাত্রায় বের হয়ে বাতাসের সংস্পর্শে এসে জ্বলে ওঠে। সালফার গ্যাসের তাপমাত্রা প্রায় ৬০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। আগুন জ্বলার সময় তা নীল রঙের শিখার মতো দেখা যায়, যা অন্ধকারে আরও স্পষ্ট হয়ে ওঠে।

দর্শনার্থীদের জন্য এই অভিযাত্রা সহজ নয়। খাড়া পাহাড়ি পথ, আগ্নেয়গিরির গ্যাস এবং রাতের অন্ধকার সব মিলিয়ে ভ্রমণকারীদের জন্য এক কঠিন সংগ্রাম। সেই সাথে অবলম্বন করতে হয়কঠোর সতর্কতা। তাই ইজেন ভ্রমণের আগে পথের অবস্থা, ট্রেকিংয়ের সময় এবং উপযুক্ত নিরাপত্তার প্রস্তুতি সম্পর্কে জেনে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রকৃতির বিস্ময়কর বৈচিত্র্যের এক অনন্য উদাহরণ হিসেবে ইজেন ব্লু ফায়ার আজ বিশ্বজুড়ে পরিচিত। আগ্নেয়গিরির অগ্নিময় শক্তি আর নীল আলোর রহস্যময় সৌন্দর্যের এই মেলবন্ধন প্রতিদিনই নতুন দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে।

সুত্রঃ স্টার নিউজ

Post a Comment

0 Comments