Header Ads Widget

Responsive Advertisement

চলতি মৌসুমে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু

চলতি মৌসুমে এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু




বর্ষা মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা।

নতুন আক্রান্ত ১২৪ জনের মধ্যে ৭০ জন পুরুষ এবং ৫৪ জন নারী। বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০২ জন ডেঙ্গু রোগী।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৪৫৫ জন।

এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে। আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। অন্যদিকে মোট মৃত্যুর মধ্যে ৫৫ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৪ শতাংশ নারী।

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ১৬ থেকে ২০ বছর বয়সীরা। এ বয়সী আক্রান্তের সংখ্যা ৮০০ জন। এরপর রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সী ৭৫৯ জন এবং ২৬ থেকে ৩০ বছর বয়সী ৭৩২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বছরের প্রথম পাঁচ মাস পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে থাকলেও জুন মাসে ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। শুধু জুন মাসেই ২ হাজার ৭২৭ জন আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ১৩ জন।

এর আগে গত শুক্রবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সতর্ক করে বলেন, ঢাকা এখন ডেঙ্গুর জন্য অত্যন্ত উদ্বেগজনক অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে বহু বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন এবং একটি রেস্টুরেন্টে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

তিনি বলেন, সিটি করপোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা, বেসমেন্ট, ফুলের টব, ডাবের খোসা, পুরোনো টায়ার ও পানি জমে থাকতে পারে এমন সব পাত্র নিয়মিত পরিষ্কার রাখতে হবে এবং তিন দিনের বেশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয় থেকে বিনামূল্যে মশার লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করে ব্যবহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে গণমাধ্যম ও নাগরিকদের সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments