Header Ads Widget

Responsive Advertisement

‘গাছের সাথে লটকিয়ে মারবো’ মুজিব শতবর্ষ খামের চিঠিতে বিএনপি নেতাকে হুমকি

 ‘গাছের সাথে লটকিয়ে মারবো’ মুজিব শতবর্ষ খামের চিঠিতে বিএনপি নেতাকে হুমকি


জামালপুরের ইসলামপুর উপজেলায় মুজিব শতবর্ষের লোগো ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি খামে চিঠি পাঠিয়ে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। হুমকিদাতার কোনো পরিচয় না থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ ডাকযোগে পাঠানো ওই চিঠি হাতে পান।

জানা যায়, খামের বাম পাশে মুজিব শতবর্ষের লোগো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছিল। খামের ওপর প্রাপকের ঠিকানায় লেখা ছিল—‘মোহাম্মদ সবুজ, পিতা: জাহাঙ্গীর আলম’।

হলুদ রঙের একটি কাগজে হাতে লেখা হুমকিমূলক বার্তায় উল্লেখ করা হয়, “শুয়োরের বাচ্চা, তুই নিজেকে অনেক বড় নেতা ভাবিস। অপেক্ষা করতে থাক। তুই পুলিশকে নিয়ে বড়াই করিস। আমরা পুলিশ ব্যবহার করবো না, তোকে গাছের সাথে লটকিয়ে মারবো ইনশাল্লাহ। অপেক্ষা করতে থাক। তোর কোনো বাপ আছে তোকে বাঁচাবেনি।”

বিএনপি নেতা মোহাম্মদ সবুজ জানান, ঘটনার সময় তিনি বাড়ির বাইরে ছিলেন। পরে জানতে পারেন, আবু তালেব নামের এক ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে চিঠিটি ফেলে রেখে চলে যান। বিষয়টি জানার পর তিনি ডাকঘরে যোগাযোগ করেন। সেখানে তাকে জানানো হয়, চিঠিটি ইসলামপুর ডাকঘরের মাধ্যমে এসেছে।

সবুজ বলেন, “আমার বিএনপি বা আওয়ামী লীগ—কোনো পক্ষের সঙ্গেই ব্যক্তিগত শত্রুতা নেই। কে বা কারা এই চিঠি পাঠিয়েছে, তা আমি জানি না। এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করিনি।”

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হুমকিদাতাদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “বিষয়টি আমার জানা নেই। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেননি।”

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং হুমকির উৎস শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments