‘হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?’ শিক্ষামন্ত্রীকে শিশুর প্রশ্ন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনকে ঘিরে ঘটে যায় এক ব্যতিক্রমী ও হাস্যরসাত্মক ঘটনা। অনুষ্ঠানে উপস্থিত এক শিশুর সরল প্রশ্নে মুহূর্তেই প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।
সোমবার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবস, ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওশেনোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মমিন সিদ্দিকীর কন্যা সাবাহ্ সিদ্দিকা পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে ওঠে। এ সময় শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করে, “হেলিকপ্টার নিয়ে কবে আসবেন?”
শিশুটির এমন নিষ্পাপ ও অপ্রত্যাশিত প্রশ্নে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী এবং দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়। মুহূর্তটি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত হয় এবং উপস্থিত অনেকেই তা উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত শিক্ষামন্ত্রী ৫১ জন শিক্ষক ও শিক্ষার্থীর হাতে বিভিন্ন ক্যাটাগরিতে ডিনস অ্যাওয়ার্ড ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড তুলে দেন।
নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দেশের শিক্ষা উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। এছাড়া তিনি শিক্ষাক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments