সেনা পাঠানো হচ্ছে, হেলিকপ্টার দিয়ে সোজা বোম্বিং করা হবে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন।
মামলায় ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা করার নির্দেশ ও আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানির অভিযোগ অন্যতম।
রায় ঘোষণার পর আলোচনায় আসে ট্রাইব্যুনালে উপস্থাপিত একটি ফোনালাপ, যা প্রসিকিউশনের অন্যতম গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উপস্থাপন করা হয়। ওই কথোপকথনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাসানুল হক ইনুর মধ্যে আন্দোলন দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন এলাকায় কর্মসূচি মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে বলে আদালতে দাবি করা হয়।
আদালতে উপস্থাপিত কথোপকথনে ইনুকে আন্দোলনের নেতৃত্বদানকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের পরামর্শ দিতে শোনা যায় বলে প্রসিকিউশনের দাবি। একই সঙ্গে স্থানীয় রাজনৈতিক নেতাদের সহায়তায় আন্দোলনকারীদের তালিকা তৈরির বিষয়েও আলোচনা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, এই ফোনালাপসহ অন্যান্য আলামত, সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে ট্রাইব্যুনাল মামলার রায় প্রদান করেন।
তবে রায়ের বিষয়ে ইনু বা তার আইনজীবীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments