৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি, ডিজেলেরও মূল্যবৃদ্ধি হয়নি: জাহেদ উর রহমান
জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের বিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বিদ্যুতের মূল্য সমন্বয় নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তবে স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারী প্রায় ৬৫ শতাংশ গ্রাহকের ক্ষেত্রে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি ডিজেলের দামও অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির ব্যয় নির্বাহ এবং জ্বালানি খাতে ভর্তুকির চাপ কমাতে সরকার কিছু পদক্ষেপ নিয়েছে। মূল্য সমন্বয়ের পরও আগামী বাজেটে সরকারকে প্রায় ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতির জন্য বিগত সরকারের দুর্নীতি ও অনিয়ম দায়ী। তিনি অভিযোগ করেন, আগের সরকার এই খাতে ব্যাপক লুটপাট করেছে, যার প্রভাব এখনও বহন করতে হচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের সমস্যা থেকে উত্তরণে সময় প্রয়োজন। এ সময় তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে সরকারের প্রচেষ্টায় জনগণের সহযোগিতা কামনা করেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক।

0 Comments