এআই ক্যামেরা জটিলতায় মামলার ভুয়া নোটিশ পাচ্ছেন অনেকে
ঢাকা: সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিনির্ভর ক্যামেরা স্থাপন করা হলেও, এই প্রযুক্তির নামে ভুয়া মামলার নোটিশ ও প্রতারণার অভিযোগ সামনে আসছে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন যানবাহন মালিক, চালক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা।
যাত্রী অধিকার আন্দোলনের আহ্বায়ক কেফায়েত শাকিল জানান, ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে একটি মামলার নোটিশ পেয়ে প্রথমে তিনি বিস্মিত হন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, এআই ক্যামেরার নামে পাঠানো ওই নোটিশটি ছিল সম্পূর্ণ ভুয়া।
তিনি বলেন, “সড়কে শৃঙ্খলা আনতে এআই প্রযুক্তিকে আমরা স্বাগত জানাই। এর ফলে মনিটরিং ব্যবস্থা উন্নত হয়েছে। তবে কিছু প্রতারকচক্র এই প্রযুক্তির নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, যা পুরো ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করে তুলছে।”
রাজধানীর বিভিন্ন সড়কে স্থাপিত এআই ক্যামেরাগুলো যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন লঙ্ঘনের তথ্য সংগ্রহ করছে। তবে অনেক চালকের অভিযোগ, তারা যে সড়কে যাননি সেখানকার মামলার নোটিশও পেয়েছেন। কেউ কেউ দাবি করেছেন, ট্রাফিক সিগন্যাল মেনেও তাদের বিরুদ্ধে মামলা দেখানো হয়েছে।
একজন চালক জানান, কারওয়ান বাজার এলাকায় সবসময় ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর পরও তার গাড়ির মালিকের কাছে আইন ভঙ্গের অভিযোগে একটি বার্তা পাঠানো হয়। অন্য একজন চালক বলেন, একটি এসএমএসের মাধ্যমে তার নামে মামলার তথ্য পাঠানো হয়েছিল। পরে তিনি সংশ্লিষ্ট ওয়েবসাইট যাচাই করে দেখেন সেটি ভুয়া এবং সেখানে অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছিল।
বিষয়টি নিয়ে ট্রাফিক পুলিশও সতর্ক অবস্থানে রয়েছে। তাদের মতে, এআই প্রযুক্তি কার্যকর হলেও এটি শতভাগ নির্ভুল নয়। পাশাপাশি ডিএমপি ও বিআরটিএর নাম ব্যবহার করে প্রতারণার ঘটনাগুলোও নজরে রাখা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বলেন, “এআই ক্যামেরা থেকে বিপুল পরিমাণ ভিডিও আমাদের কাছে আসে। সেখান থেকে যাচাই-বাছাই করে নির্দিষ্ট কিছু অপরাধের ক্ষেত্রে মামলা তৈরি করা হয়। বর্তমানে আমরা কোনো এসএমএসের মাধ্যমে মামলা সংক্রান্ত বার্তা পাঠাচ্ছি না। মামলা হওয়ার পর তার কপি সরাসরি গাড়ির মালিকের ঠিকানায় পাঠানো হয়।”
সংশ্লিষ্টরা বলছেন, এআই প্রযুক্তি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রযুক্তিগত ভুল বা প্রতারণার কারণে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments