Header Ads Widget

Responsive Advertisement

সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে সমকামিতার অভিযোগে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের আবাসিক সিটও বাতিল করেছে হল প্রশাসন।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের আফিফ হাসান নীরব এবং মার্কেটিং বিভাগের একই শিক্ষাবর্ষের আরিফুল হক শুভ।

বুধবার (১২ আগস্ট) শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, গত ২ আগস্ট দুই শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর হল প্রশাসন পৃথক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি অভিযোগের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার সত্যতা পেয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এর ভিত্তিতে আফিফ হাসান নীরবের কক্ষ নম্বর ১১৯(গ) এবং আরিফুল হক শুভর কক্ষ নম্বর ১১২(খ)-এর আবাসিক সিট বাতিল করা হয়। একই সঙ্গে দুজনকে শেখ মুজিবুর রহমান হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এর আগে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আহমেদ আল সাবাহ স্বাক্ষরিত একটি চিঠিতে হল প্রাধ্যক্ষের কাছে অভিযোগের বিষয়ে নিরপেক্ষ তদন্তের আবেদন করা হয়। সেখানে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে ‘গুরুতর অনৈতিক সম্পর্ক (সমকামিতা)’-এর অভিযোগ আনা হয়। অভিযোগের পক্ষে ছবি ও ভিডিও থাকার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছিল।

হল সংসদের আবেদনে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার অনুরোধ জানানো হয়।

তবে বিশ্ববিদ্যালয় বা হল প্রশাসনের নোটিশে তদন্ত কমিটির প্রতিবেদনে কী ধরনের প্রমাণের ভিত্তিতে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি। একইভাবে, ‘সমকামিতা’কে শাস্তির ভিত্তি হিসেবে উল্লেখ করা হলেও বিশ্ববিদ্যালয়ের কোন নির্দিষ্ট বিধি বা ধারার আওতায় তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে, নোটিশে সে বিষয়েও বিস্তারিত কিছু বলা হয়নি।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments