কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের সবাই বাংলাদেশি বলে জানা গেছে। তারা চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৩টার দিকে নিউ মার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের কয়েকজন অতিথি ভেতরে আটকা পড়েন। পরে দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি এয়ার কন্ডিশনার বা এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে চারটি দমকলের গাড়ি পৌঁছায়। পরে উদ্ধারকারী দল হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের উদ্ধারে অভিযান চালায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
এক পুলিশ কর্মকর্তা জানান, হোটেলের ভেতরে ঘন ধোঁয়া থাকায় দমকলকর্মীদের সিঁড়ি দিয়ে ওপরের তলায় পৌঁছাতে বেশ সমস্যায় পড়তে হয়। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং উদ্ধার অভিযান শেষে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও করা হয়েছিল।
ওই কর্মকর্তা আরও জানান, আগুন নিভিয়ে ফেলা হয়েছে। বর্তমানে ভবনটি ঠান্ডা করা এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানের কাজ চলছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পশ্চিমবঙ্গ সরকারের তিন মন্ত্রী—পৌর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী।
উল্লেখ্য, কলকাতার এই অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের হোটেল বিদেষিণীতেও ভয়াবহ আগুনে অন্তত ৮ জন নিহত হন। নিহতদের মধ্যে মেঘালয়ের একই পরিবারের পাঁচজন সদস্য ছিলেন, যাদের মধ্যে দুটি শিশুও ছিল।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments