Header Ads Widget

Responsive Advertisement

খাস জমিতে মহিষ চড়াতে চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


 পটুয়াখালীর বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের লালচরের খাস জমিতে মহিষ চড়ানোর বিনিময়ে প্রতিটি মহিষের জন্য ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অভিযুক্ত ছাত্রদল নেতা মাঈনউদ্দিনের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।

বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উত্তাল তেঁতুলিয়া নদী পাড়ি দিয়ে কয়েকশ নারী-পুরুষ বাউফল উপজেলা পরিষদের সামনে সড়কে এসে মানববন্ধনে অংশ নেন। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাউফল পৌর ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাঈনউদ্দিন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর মিয়াজান এলাকায় বসবাস শুরু করেন। এরপর থেকে লালচরের খাস জমিতে মহিষ চড়ানোর অনুমতির বিনিময়ে প্রতিটি মহিষের জন্য মাসিক ২০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে।

ক্ষতিগ্রস্তদের দাবি, বর্তমানে ওই চরে প্রায় ৪৭৮টি মহিষ রয়েছে। সে হিসাবে প্রতি মাসে প্রায় ৯৫ হাজার ৬০০ টাকা চাঁদা আদায় করা হয়।

মহিষ পালনকারীদের অভিযোগ, আগে তারা কোনো বাধা বা অর্থ প্রদান ছাড়াই খাস জমিতে মহিষ চড়িয়ে জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে চাঁদা দিতে না চাইলে চরে মহিষ রাখতে বাধা দেওয়া এবং ভয়ভীতি দেখানো হচ্ছে।

মহিষ পালনকারী রেজাউল খাঁন, ইদ্রিস দালাল, আলমগীর হাওলাদার ও সাইফুল শরীফ বলেন, নিয়মিত চাঁদা দিতে গিয়ে প্রান্তিক খামারিদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় গৃহবধূ রাজিয়া বেগম ও রোজিনা আক্তারও চাঁদাবাজির অভিযোগের বিচার দাবি করেন। তাদের ভাষ্য, দরিদ্র পরিবারগুলো মহিষ পালন করে জীবিকা নির্বাহ করে। মহিষ চড়ানোর জন্য চাঁদা দিতে হলে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত মাঈনউদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তাহাদ নিউজ ২৪ ডেস্ক

Post a Comment

0 Comments