সিরাজগঞ্জের রায়গঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা মৎস্য অফিস।
বুধবার (১৯ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রায়গঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ধানগড়া মৎস্য আড়তে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রির জন্য রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় প্রায় ১০০ কেজি মাছ জব্দ করা হলেও বিক্রেতাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
পরে জব্দ করা মাছগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে কেটে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, নিষিদ্ধ আফ্রিকান মাগুর দেশীয় মাছের জন্য ক্ষতিকর। নিষিদ্ধ এ মাছের বিক্রি ও বাজারজাতকরণের বিরুদ্ধে উপজেলা মৎস্য অফিসের অভিযান অব্যাহত থাকবে। কেউ নিষিদ্ধ মাছ বিক্রি বা বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তাহাদ নিউজ ২৪ ডেস্ক
0 Comments